এবারের গ্রীষ্মের বাকি সময়টা বোধহয় একাই কাটাতে হচ্ছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ভেঙে গেছে তার নিনা আগদালের সঙ্গে প্রেমটা। ইদানীং প্রেমগুলো যেন শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে তার। সম্পর্ক ভাঙ্গার ব্যাপারে একদমই সময় নিচ্ছেন না তিনি। গেল বসন্তে দেখা হয়েছিল দুজনের আর এবার গ্রীষ্মে এসে ভেঙে গেছে সেই প্রেম। তবে মাঝের একটা বছর অবশ্য চুটিয়ে প্রেম করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর নিনা আগদালের প্রেম।
অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, তারা আলাদা হয়ে গেছেন। কিন্তু ঠিক কী কারণে আলাদা হলেন সেটা জানা যায়নি। তবে দু’জনের সমঝোতাতেই নাকি হয়েছে ছাড়াছাড়ি। এমনকি কেউ কারও বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়িও করেননি। বরং ঘোষণা দিয়েছেন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বাজায় রাখবেন।
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকাদের তালিকাটা ক্রমশ দীর্ঘই হচ্ছে যেন। যতই দিন গড়াচ্ছে, সে তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সাবেকের সেই তালিকায় সর্বশেষ যোগ হল ২৫ বছর বয়সী উঠতি মডেল নিনা আগদালের নাম।
গত বছরের মে মাস থেকেই প্রেমের শুরুটা হয় তাদের। এমনকি বিয়ের গুঞ্জন পর্যন্ত উঠেছিল। প্রথম দিকে দুজনের সম্পর্কের ব্যাপারে খানিকটা গোপনীয়তা থাকলেও পরে আর সে সব রাখঢাক মানেননি একদম। এমনকি কিছুদিন আগে ম্যানহাটন শহরের সেই বিখ্যাত হাডসন নদীর তীরে দাড়িয়ে দু’জন প্রকাশ্য চুম্বনেও মেতেছিলেন তারা। জন্মদিনটাও প্রেমিকার সঙ্গে বেশ জাকজমক ভাবেই কাটিয়েছিলেন। তবুও সেসব চমৎকার স্মৃতিকে পাশ কাটিয়ে বিচ্ছেদের পথেই হাঁটলেন তারা। ডেইলি মেইল।







