উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য জমকালো সাজে সেজেছে মোনাকো। সেখানে উপস্থিতি থাকবেন বিশ্বখ্যাত নামি-দামি ফুটবল তারকারা। থাকবে তারকাদের রোশনাই। এরমাঝেও আলাদাভাবে আলো কাড়বেন দুজন। এই মোনাকোতেই দেখা হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের।
নয় বছরের সম্পর্কচ্ছেদ করে এই গ্রীষ্মেই রিয়াল থেকে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। বিদায়কালে আবেগঘন চিঠি দিলেও পেরেজ কিংবা রিয়ালের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেননি সিআর সেভেন। গত মৌসুমের শুরু থেকে বেতন-ভাতা নিয়ে পেরেজের সঙ্গে যে তিক্ত সম্পর্কের শুরু রোনালদোর; সাবেক ক্লাব সভাপতির সঙ্গে আর অন্তত মুখোমুখি দেখা হবে না দুজনের তেমনই ভাবছিল সংবাদ মাধ্যমগুলো।
তবে সব জল্পনা উড়িয়ে এক মাসের ব্যবধানেই দেখা হয়ে যাচ্ছে রোনালদো-পেরেজের। উয়েফা বর্ষসেরা পুরস্কারের তালিকায় থাকা লুকা মদ্রিচ, মোহামেদ সালাহর সঙ্গে মোনাকোতে থাকবেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো। থাকবেন পেরেজও। দুজন কী তখন হাত মেলাবেন? সব তিক্তটা ভুলে যাবেন নাকি মুখোমুখিই হবেন না; এমনসব প্রশ্ন ভাসছে মোনাকোর আকাশে বাতাসে।
রোনালদো কী করবেন সেটা জানা না গেলেও উষ্ণতার আভাস মিলেছে পেরেজের পক্ষ থেকে। ক্লাব ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ের প্রতি হৃদ্যতা প্রকাশ করবেন রিয়াল সভাপতি, নিকটতম সূত্র থেকে জানা গেছে এমনটাই।








