মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশ্যাক করলেন না পোল্যান্ডের ফার্স্টলেডি আগাতা কোনহাউসার-দুদা! পোল্যান্ড সফররত ট্রাম্প আলো ঝলমলে মঞ্চে দেশটির প্রেসিডেন্ট আনদ্রেজ দুদার সাথে হ্যান্ডশ্যাক করে ফার্স্টলেডির প্রতি হাত বাড়ান। কিন্তু আগাতা নির্দয়ভাবে (!) প্রত্যাখ্যান করেন ট্রাম্পকে, কিছুটা সামনে এগিয়ে হ্যান্ডশ্যাক করেন মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পরই তুমুল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠে, টু্ইটারে তা ভাইরাল হয়ে উঠে।
হাতধরা বা হ্যান্ডশ্যাক নিয়ে অন্যান্য দেশের প্রধানের সাথে বিব্রতকর অভিজ্ঞতা আগেও আছে ট্রাম্পের, হ্যান্ডশ্যাক করার উদ্ভট ধরনের জন্য ‘খ্যাতিও’ কম নয়। এমনকি স্ত্রী মেলেনিয়াও তার এগিয়ে দেওয়া হাত তাচ্ছিল্যের সাথে প্রত্যাখান করে আলোচিত হয়েছেন। সাম্প্রতিক এই ভিডিওর পর সেই ছবিগুলোও জীবন্ত হয়ে উঠেছে দর্শকদের মনে।
ট্রাম্প কিভাবে বিশিষ্টজনদের সাথে দেখা করেন বা সম্ভাষণ জানান, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে ইন্টারনেট দুনিয়ায়। হোয়াইট হাউজে সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের হ্যান্ডশ্যাক এড়িয়ে শিরোনাম হয়েছিলেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে তার কুখ্যাত হ্যান্ডশ্যাকও লোকজন বিস্মৃত হয়নি, যা নিয়ে অনেক মেমেও হয়েছিলো।
সাম্প্রতিক এই ‘হ্যান্ডশ্যাক বিপর্যয়ের’ ফুটেজে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প পোলিশ ফার্স্ট লেডি আগাতা কোনহাউসার-দুদার দিকে হ্যান্ডশ্যাকের জন্য হাত বাড়িয়ে দেন, যা স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করেন আগাতা, মেলেনিয়ার দিকে এগিয়ে যান। পরে অবশ্য তিনি ট্রাম্পের দিকে ফিরে এসে সম্ভাষণ জানান। তবে ট্রাম্পের অস্বস্তিবোধ দর্শকের চোখ এড়ায়নি।
পোল্যান্ড সফররত ট্রাম্প ও মেলেনিয়া দেশটির রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেন রাজধানী ওয়ারশ’এ। সেখানেই এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ট্রাম্পকে।
জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানি যাওয়ার আগে পোল্যান্ড সফর করেন ট্রাম্প।
দেখুন সেই ভিডিও:








