বিবিসির আফ্রিকান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল ও মিশরের স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ। লিভারপুল, এএস রোমা ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সালাহকে সোমবার ২০১৭ সালের সেরা খেলোয়াড় ঘোষণা করে বিবিসি।
২৫ বছরের সালাহ প্রায় একক প্রচেষ্টায় গত বছর মিশরকে শুধু আফ্রিকান নেশনস কাপের ফাইনালেই তোলেননি, দেশকে তৃতীয়বারের মত ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও নিয়ে গেছেন। তার অসাধারণ ফুটবলের কল্যাণেই ১৯৯০ সালের পর আবারও বিশ্বমঞ্চে পা রেখেছে মিশর। তাকে এখন ডাকা হচ্ছে ‘মিশরীয় মেসি’ বলে।
সালাহ এমুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ স্কোরার। ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন। অল রেডসদের জার্সি গায়ে ২৫ ম্যাচে এপর্যন্ত তার গোল সংখ্যা ১৯। এই গ্রীষ্মেই ৩৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে পাড়ি জমানোর আগে রোমার জার্সি করেন ১০ গোল। সবশেষ লিভারপুল ডার্বিতে এভারটনের বিপক্ষেও গোল করেছেন।
তৃতীয় মিশরীয় এবং ২০০৮’র মোহামেদ আবুতিকারার পর প্রথম মিশরীয় হিসেবে এই পুরস্কার জিতলেন সালাহ।
সেরা হওয়ার পথে সালাহ হারিয়েছেন, গ্যাবন ও বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার পিয়েরে এমেরিক ওবাবামেয়াং, গায়ানা ও আরবি লেইপজিগের নবি কেইটা, লিভারপুলে তার সতীর্থ সেনেগালের সাদিও মানে ও চেলসির নাইজেরিয়ান উইংগার ভিক্টর মোজেসকে।
এই পুরস্কার জিতে সালাহ আফ্রিকান কিংবদন্তি আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা, ইয়া ইয়া তোরে (তারা দুইবার করে জিতেছেন) ও লাইবেরিয়ার স্ট্রাইকার জর্জ ওয়েয়ার পাশে নাম লেখালেন।








