আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কান্দাহার নাইটসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। টাইগার পেসার প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন। সেখানে সেরাটা দেয়ার লক্ষ্য চোট আর ফর্মের জেরে জাতীয় দলের বাইরে থাকা তাসকিনের।
‘আমি আসলে খুবই উত্তেজিত। এর আগে কখনও বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাইনি। এবার পেলাম। যদি সব ঠিক থাকে চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার।’
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি লিগ এপিএল শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল ২১ অক্টোবর।
তাসকিন মনে করেন এপিএলে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরার রাস্তাও প্রশস্ত হবে। ম্যাচ খেলার সুযোগ পেলে তাই নিজের সেরাটা দিয়েই পথে ফিরতে চান এ টাইগার পেসার।
দেশের বাইরে প্রথম লিগ নিয়ে উচ্ছ্বসিত তাসকিন এপিএলে বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলে শেখার সুযোগটাও নিতে চান, ‘সেরাটা দেয়ার চেষ্টা তো থাকবেই। সঙ্গে ভালো একটা অভিজ্ঞতা হবে। অনেক বড় বড় ক্রিকেটাররা থাকবেন। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার হবে। শেখার সুযোগ থাকবে।’
এপিএলের খেলোয়াড় ড্রাফটে অবিক্রীত থাকা তাসকিনকে পরে কান্দাহার ৩০ হাজার ডলারে দলে টেনেছে। বাংলাদেশি মূল্যে যেটি ২৫ লাখ টাকা। বিসিবির অনাপত্তিপত্র পেলে ৩ অক্টোবর শারজাহ যাবেন ২৩ বছরের এ তরুণ।







