আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ নিক্ষেপে হামিদ কারজাইয়ের নিন্দা

ইসলামিক স্টেট-আইএস দমনে আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ নিক্ষেপের ঘটনায় দেশটির সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
হামলার ঘটনায় দুইবার টুইট করেন তিনি। তিনি বলেন, এটা কোনোভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নয় বরং অমানবিক ও নৃশংস।
ইসলামিক স্টেট-আইএস দমনে নিজেদের সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ‘সব বোমার মা বোমা’ নামে পরিচিত বোমাটি বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নানগড়হর প্রদেশের আচিন জেলায় ফেলা হয়।
জিবিইউ-ফরটিথ্রিবি নামে ৩০ ফুটের বেশি লম্বা এই বোমার ওজন ৯ হাজার ৭৯৭ কেজি। এই প্রথমবার এত বড় বোমা ব্যবহার করলো যুক্তরাষ্ট্র। হামলা চালানোর পর সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন জানিয়েছে, মার্কিন এক বিমান থেকে এই বোমাটি ফেলা হয়।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন বলেন, ইসলামিক স্টেটের যোদ্ধাদের ব্যবহার করা গুহা ও বাঙ্কার লক্ষ্য করে এই বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন রেবেল সদস্য নিহত হবার ঘটনা স্বীকার করে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
বলা হচ্ছে, গত সপ্তাহে নানগড়হর প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হলো।



