শুধু টি-টুয়েন্টি বলেই নয়, আফগানিস্তানের সার্বিক পারফর্ম্যান্স বিবেচনা করে তাদের বিপক্ষে নিজেদের ‘কিছুটা পিছিয়ে’ রাখছেন মুশফিকুর রহিম।
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ হবে ৭ জুন।
‘টি-টুয়েন্টির চেয়ে আফগানিস্তান টিম অনেক চ্যালেঞ্জিং। তারা শেষ কয়েক বছর খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে,’ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিক বলেন, ‘আমরা অবশ্যই একটু পিছিয়ে থাকবো।’
নিজদের পিছিয়ে রাখলেও শেষ সিরিজের কথা স্মরণ করে মুশফিক বলেন, বাংলাদেশ দলও আত্মবিশ্বাসী থাকবে।
এবার আইপিএলে রশিদ খান এবং মুজিব জাদরান দারুণ বল করছেন। মুশফিক তাদের ব্যাপার সতর্ক, ‘রশিদ খান, মুজিব খুব ভালো বোলার। বিশেষ করে তারা নতুন বলে বল করে থাকে। ওদের টার্গেট করে খেলতে হবে। আশা করি আমরা সেটা পারবো।’
নিজেদের শক্তির কথা উল্লেখ করে মুশফিক বলেন, ‘আমাদের ভালো মানের খেলোয়াড় আছে। ম্যাচ উইনার খেলোয়াড় আছে। তারা যদি ক্লিক করে, তাহলে ভালো একটি সিরিজ হবে।’







