আপত্তির মুখে সরিয়ে নেওয়া হলো ‘বস টু’ ছবির গান ‘আল্লাহ মেহেরবান’। একই দিন পরপর দুটি আইনি নোটিশ পাওয়ার দুই দিনের মাথায় ইউটিউব থেকে সরানো হয়েছে গানটি। সোমবার দিবাগত রাত ২টার পর থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না।
‘বস টু’ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বিষয়টি স্বীকার করে বলেন, ‘সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা গানটি ইউটিউব থেকে তুলে নিয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।’
যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ প্রযোজনা করছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনা করেছেন বাবা যাদব।
এবার ঈদে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস টু’। এ ছবির ‘আল্লাহ মেহেরবান’ গানটি গত ২৬ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ছবিতে নুসরাত ফারিয়ার আপত্তিকর নাচের ব্যাপারে অভিযোগ ওঠে। আরও অভিযোগ করা হয়, পবিত্র রমজান মাসে ইউটিউবে এই গানটি দিয়ে সবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এরপর ২৮ মে জাজ মাল্টিমিডিয়া বরাবর অ্যাডভোকেট আজিজুল বাশার ও অ্যাডভোকেট রাজিন আহমেদ দুটি আইনি নোটিশ পাঠান।
ছবি: সংগৃহীত







