শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার নোটিশ আকারে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ অাগস্টের মধ্যে হতে পারে বলে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় সাত দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেন এসব কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।







