সারা বিশ্বজুড়েই নানা কারণে প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করা হচ্ছে। মহামূল্যবান এই প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও বনভূমি সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে ২১ মার্চ বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে একযােগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।
অবারিত ফসলের মাঠ আর বৈচিত্রময় বনাঞ্চল মিলে সবুজ শ্যামলিমায় পূর্ণ আমাদের বাংলাদেশ। পাহাড়ি চিরসবুজ বন, উপকূলীয় সুন্দরবন এবং শালবন নিয়ে এদেশের বনাঞ্চলের বিস্তৃতি।
আমাদের বনাঞ্চলগুলাে দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। প্রতিটি বন তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বন্যপ্রাণী ও অন্যান্য সম্পদের আধার হিসেবে কাজ করছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বনজ সম্পদের ওপর নির্ভর করেই বেঁচে আছে এদেশের অসংখ্য মানুষ। শুধুমাত্র সুন্দরবনের সম্পদের উপর সরাসরি নির্ভর করে বেঁচে আছে প্রায় ৫ লক্ষ মানুষ।
কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের বন ও পরিবেশ আজ হুমকির মুখে। ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক বন উজাড়, তামাক চাষ ও ভিনদেশী আগ্রাসী উদ্ভিদের কারণে বনাঞ্চলের পরিমাণ কমে আসছে।
তাই বনাঞ্চল সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে ২১ মার্চ পালিত হয় আন্তর্জাতিক বন দিবস। এই দিবসের অন্যতম বার্তা ছিল সবার সম্মিলিত প্রয়াসে বন ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।








