জাতীয় পতাকার অবমাননা এবং ভুয়া জন্মদিন পালনের অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন সিএমএম আদালত।
আদালত তার আদেশে বলেছেন, রাজাকারদের মন্ত্রী বানিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহের অপরাধ করায় তিনি জামিন পেতে পারেন না।
রাজাকারদের মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।
ওই বছরই তার ১৫ আগস্ট ‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে করা আরেকটি মামলা করেন গাজী জহিরুল ইসলাম।
এই দুই মামলায় গত ১২ই এপ্রিল খালেদা জিয়ার জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কয়েকটি কার্যদিবসে শুনানির পর বৃহস্পতিবার আদেশ দেন আদালত।
আদেশের পর জামিন নিতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন তিনি।







