বাংলাদেশ

আদালতে লিটন, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আদালতে লিটন, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গাইবান্ধায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ একজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে বেলা পৌনে ১২টার দিকে লিটনকে আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, লিটনকে আদালতে হাজির করার কথা শুনে তার সমর্থকরা গাইবান্ধা-পলাশবাড়ি মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

এর আগে সকাল সাড়ে ৬ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ঢাকা থেকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

ওই মামলায় আগাম জামিন চেয়ে এমপি লিটন আবেদন করলে তা নাকচ করে ১৮ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

তবে আসামিকে পুলিশের হেফাজতে না দিয়ে আত্মসমর্পণের সুযোগ দিয়ে দেওয়া নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন। বুধবার শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত করেন।

এই আদেশের পর রাতেই তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বিষয়:এমপি লিটন এমপির গুলিতে শিশু আহত গাইবান্ধার এমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…