আত্মপক্ষ সমর্থনে সময় চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম ২৩ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে পুরান ঢাকার বকশিবাজারে আদালত চত্বরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল ১১টার দিকে বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হন তিনি।
আদালতে পৌঁছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের তারিখ পেছাতে খালেদা জিয়া আবেদন করেন। আইনজীবীরা বলেন, এই আদালতের একটি আদেশের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া হাইকোর্টে গেলে সেটি খারিজ হয়ে যায়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে লিভ টু আপিল করায় তা শুনানির জন্য আছে। এই অবস্থায় বিচারিক আদালতে কার্যক্রম চলতে পারে না।
তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। দু’পক্ষের শুনানির পর নতুন দিন ধার্য করেন আদালত।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে।
এজলাসে বেগম খালেদা জিয়া একটি হাতাওয়ালা চেয়ারে বসে থাকলেও তিনি কোন কথা বলেননি। পঞ্চাশ মিনিট শুনানিতে উপস্থিত থাকার পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সেদিন আবারও সময় চেয়ে আবেদন করেন।
ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন। নইলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও আদালত জানান।







