সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারকমান্ডোদের গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। বাড়িটিতে প্রচুর বিস্ফোরকসহ এখনো এক বা একাধিক জঙ্গি রয়েছে। এদের মধ্যে নারী জঙ্গিও থাকতে পারে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
বিকেল সাড়ে পাঁচটায় অভিযান বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল সাংবাদিকদের জানান, বাড়িটি ঝঁকিপূর্ণ এবং জঙ্গিরা খুব কৌশলী হওয়ায় অভিযান চালাতে সমস্যা হচ্ছে। অভিযান শেষ হতে আরো সময় লাগবে, কখন শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযানে অংশ নেয়া কোন সৈন্য হতাহত হননি।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল বলেন, জঙ্গিরা বাড়িতে আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পেতে রেখেছে। কিন্তু সেনারা বাড়ির ছাদ কেটে এবং পাশের বাড়ি থেকে মই দিয়ে জানালা কেটে আটকে পড়াদের উদ্ধার করেছেন। জঙ্গিদের কাছে বোমা থেকে শুরু করে রিভলবার সুইসাইডাল ভেস্ট ও অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে।
তিনি আরও জানান, আতিয়ার মহল থেকে এখন পর্যন্ত মোট ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়টি জঙ্গিরা টের পাওয়ার পরই সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে। এসময় সেনাবাহিনী টিয়ারশেল ছোড়ে। ওইসময় দুই জঙ্গি পড়ে যায় এবং একজন তার গায়ে থাকা সুইসাইডাল ভেস্ট’র বিস্ফোরণ ঘটায়। ভিতরে আরো জঙ্গি চলাফেরা করছে বলে দেখতে পাওয়া গেছে।
এই হামলার সাথে আতিয়ার বাড়ির জঙ্গিদের কোন দলীয় সংশ্লিষ্টতা আছে কিনা এবং জঙ্গিরা কোন মতাদর্শের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘এটা গোয়েন্দারা ভালো বলতে পারবেন’। সিলেটের শিববাড়ি এলাকায় অভিযানকালে বোমা হামলায় পুলিশের এক ওসিসহ ৬ জন নিহত হয়েছেন।







