ক্রিকেট

আট বছর পর ওয়ানডে দলে ফরহাদ, ফিরলেন তাসকিন

আট বছর পর ওয়ানডে দলে ফরহাদ, ফিরলেন তাসকিন

২০১১ সালে সবশেষ ওয়ানডে খেলা ফরহাদ রেজা ফিরলেন বাংলাদেশ দলে

আট বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন ফরহাদ রেজা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন এ পেস-অলরাউন্ডার। এছাড়া তাসকিন আহমেদকে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রথমে ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন না তারা। রোববার তাদের যুক্ত করে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল এখন ১৯ সদস্যের।

ঘরোয়া ক্রিকেট মৌসুমে একশ উইকেট শিকার করেছেন ফরহাদ। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগেই এ পেসার নিয়েছেন ৩৮ উইকেট। প্রয়োজনের সময় ব্যাট হাতে ঝড় তুলেছেন বেশ কয়েকটি ম্যাচে। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখালেও প্রত্যাশিত ডাক আসেনি বিশ্বকাপ দলে। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ বাদ পড়েছিলেন ম্যাচ ফিটনেসে ঘাটতির কারণে।

বিশ্বকাপ দল ঘোষণার পরই প্রিমিয়ার লিগে নেমে ৪ উইকেট শিকার করে তাসকিন জানান দেন প্রস্তুতই আছেন। ফরহাদ তো টানা উইকেট নিয়ে যাচ্ছিলেন। তাতেই সুযোগ এল আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন দুজনে।

ফরহাদ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালের ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। ঘরোয়ায় দাপট দেখিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।

আয়ারল্যান্ডে ভালো করতে পারলে সুযোগ চলে আসতে পারে বিশ্বকাপ দলেও। কেননা চোটে ভুগছেন বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে থাকা তিন পেসার রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহি।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইয়াসির আলি রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বিষয়:তাসকিন আহমেদ ফরহাদ রেজা বিশ্বকাপ-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…