আজ পবিত্র জুমাতুল বিদা। মসজিদে মসজিদে মুসলমানরা এ বছরের মতো রমজান মাসের শেষ জুমা পড়বেন। খুৎবায় বিদায় জানানো হবে পবিত্র রমজানকে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জনগণ এবং মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করবেন।
রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়। রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে সব মসজিদে জুমার নামাজ আদায় করবেন। ইবাদত ও মোনাজাত কবুল হওয়ার বিশেষ সুযোগ বিবেচনা করা হয় আজকের এই দিনটিকে।
জামাতুল বিদা উপলক্ষে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করবেন। দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।










