পহেলা বৈশাখে নতুন কাপড় পরা, পান্তা ইলিশ খাওয়া এসবের প্রচলন আমাদের সময়ে ছিল না। আমাদের গুরুজনেরা বলতেন এদিনে খারাপ কিছু করো না, বকা খেলে কিন্তু সারা বছর বকা খেতে হবে! আমরাও লক্ষ্মী হয়ে থাকতাম। যশোরে কেটেছে আমার সেই সময়, ৪৭-এর কথা বলছি। আমাদের হিন্দু বন্ধুদের বাড়িতে আমরা যেতাম, মুড়ি-মুড়কি-বাতাসা খেতাম, এই সম্প্রীতির ব্যাপারটা তখন ছিল।
ঢাকায় আসার পর পরও এই আজকের যে চমক সেটা পাইনি। আজকাল এতো চমকের ভীড়ে কিছু কিছু জিনিস আমাদের মতো বুড়োদের একটু দৃষ্টিকটু লাগে। তবু মানুষে মানুষে যে সম্প্রীতি, একদিনের জন্য হলেও যে আনন্দে মেতে ওঠে মানুষ, এই যে মঙ্গল শোভাযাত্রা এসব ভাল লাগে। এই যেমন আজ মৌসুমী নাগ-এর বাসায় যাবো, সে আমাদের দাওয়াত দিয়েছে চৈত্র সংক্রান্তির মিলন-আড্ডার। আজ খুব আলতা পড়ছে ইচ্ছে করছে আমার। আমি কিন্তু খুব আলতা পরতাম একসময়।
এইরকম উড়ে বেড়ানো ঘুরে বেড়ানোর মুহূর্তদের ভাল লাগে। চ্যানেল আই অনলাইনের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
ছবি: আবু সুফিয়ান জুয়েল







