রোববার কলকাতার সঙ্গে জয়েতো অবশ্যই, হারলেও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত। এমনকি আজ তাদের খেলা না থাকলেও আজ রাতেই নিশ্চিত হয়ে যেতে পারে হায়দারাবাদের প্লে-অফ।
অংকের হিসাব বলছে, দিল্লী ডেয়ারডেভিলসের কাছে শুক্রবারের হার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের জন্য বড় কোন ধাক্কা হয়ে আসেনি। নেট রান রেটে (+০.৩৫৫) পয়েন্ট তালিকায় এখনো তারা সবার উপরেই আছে। ফাইনাল খেলার জন্য সেরা চারে থেকে প্লে-অফে জায়গা করে নেওয়াটা তাদের জন্য একরকম প্রায় নিশ্চিত।
ফাইনালে উঠার লড়াইয়ে সেরা চারে থাকতে রোববার তাদেরকে কলকাতা নাইটরাইডার্সের সঙ্গে আগে ব্যাট করে যেকোন একটা স্কোর দাঁড় করালেই হবে। পরে ব্যাট করলে ২০০ বা তার চেয়ে বেশি রানে না হারলেই হবে। আর জিতলেতো কোন কথাই নেই।
তবে, আজ শনিবারের দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট লায়ন্সের মধ্যে এ খেলার ফলাফলে কোনরকম সন্দেহ ছাড়াই এক বা একাধিক দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। হায়দরাবাদের মতো এখন ১৬ পয়েন্টে থাকা লায়ন যদি জিতে তাহলে তারা শীর্ষ দুই-এর একটি হয়ে যেমন নিজেদের প্লে-অফ খেলা নিশ্চিত করবে তেমনি নিশ্চিত করে দেবে হায়দরাবাদকেও।
আর মুম্বাই জিতলে শুধু তাদের প্লে-অফ নিশ্চিত হবে। কিন্তু, বৃষ্টি বা অন্য কোন কারণে যদি খেলা না হয় তাহলে নিশ্চিত হবে গুজরাট লায়ন্স এবং হায়দরাবাদ সানরাইজার্সের প্লে-অফ।
আজকের খেলায় গুজরাট জয় পেলে গুজরাট এবং হায়দরাবাদের প্লে-অফ যেমন নিশ্চিত হবে তেমনি বাকি দুটি জায়গার জন্য আরো ১৪ পয়েন্ট করে থাকা চার দল– মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লী ডেয়ারডেভিলস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’র সুযোগ থাকবে। এদের কেউ এমনকি নেট রানরেটে ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পারে।
সেদিক থেকে বলা যায়, শুক্রবার হায়দরাবাদের পরাজয়ে আইপিএল আরো জমে উঠেছে। হায়দরাবাদ হেরে যাওয়ার কারণে আরো পাঁচটি দল প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল।
শুক্রবার পর্যন্ত আট দলের সবগুলো ১৩টি করে ম্যাচ খেলার পর ছয় দলের সবগুলোরই শীর্ষ চারে থাকার বা উঠার বাস্তব সম্ভাবনা আছে। শুধু কোন সম্ভাবনার মধ্যে নেই এম এস ধোনীর রাইজিং পুনে সুপারস্টার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব।










