দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা সেই বিষয়ে নির্বাচন কমিশনের রায় জানা যাবে আজ। তাই রাজনীতি সংশ্লিষ্ট সবার জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে খালেদা জিয়ার এ তিনটি আপিলের বিষয়ে ইসির সিদ্ধান্ত।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করে শনিবার রায় দেবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন।
গত বুধবার খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের জন্য ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ আসনের জন্য ব্যারিস্টার নওশাদ জমির এবং বগুড়া-৭ আসনের জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নির্বাচন কমিশনে আপিল করেন।
এর আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উল্লেখ করা হয়। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন খালেদা জিয়া।
আজ সেই আপিলের শুনানির পর ইসির রায়ে যদি খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তাহলে আসছে নির্বাচনে প্রার্থী হতে পারবেন তিনি। আর যদি রায়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না খালেদা জিয়া। সেক্ষত্রে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করতে পারবেন খালেদা জিয়া।








