নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে সীমিত আসনের আধুনিক সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’। খবরটি চ্যানেল আই অনলাইনে জানিয়েছেন প্রকল্পটির উদ্যোক্তা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
তিনি বলেন, বহুদিনের স্বপ্ন ছিলো তার নিজের শহরে সিনেমা দেখানোর একটি সুন্দর পরিবেশ তৈরী করা। আর সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। ছোট পরিসরে হলেও সুন্দর পরিবেশে সিনেমা দেখানোর সেই স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত এই নির্মাতা।
নূরুজ্জামান জানান, ফোর কে সিলভারস্ক্রিনের এই থিয়েটারে থাকছে ৭.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে যৌথভাবে এই সিনেমা থিয়েটার পরিচালনা করবে নূরুজ্জামানের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘সিনেমাকার’। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে অগাস্ট মাসেই একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনে যাত্রা শুরু করছে ‘সিনেস্কোপ’।
সিনেমা থিয়েটার সম্পর্কে নূরুজ্জামান বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র ও রুচিশীল নতুন দর্শকদের কথা স্মরণে রেখে হলটি তৈরি করা হয়েছে। বিশেষত যে দর্শকেরা গতানুগতিক হলগুলোতে নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে ছবি দেখতে নিরুৎসাহিত বোধ করেন, সিনেমাস্কোপ তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দর্শকদের স্ন্যাকস এর জন্য একটি কফিশপও রয়েছে হলটিতে। এমনটাই জানান তিনি।
কী ধরণের চলচ্চিত্র চলবে সিনেস্কোপে? জানতে চাইলে নূরুজ্জামান বলেন, যে তরুণ চলচ্চিত্র নির্মাতারা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তাদের চলচ্চিত্র এখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী কিংবা কলাকুশলীকে উৎসর্গ করে তাদের সেরা কাজগুলোর প্রদর্শণীও চলবে এখানে।
নূরুজ্জামান বলেন, প্রতিদিন একটি শো কেবল শিশুদের জন্য বরাদ্দ থাকবে। যেখানে তারা দেশ-বিদেশের সেরা শিশুতোষ চলচ্চিত্রের সাথে পরিচিত হতে পারবে। সুনির্বাচিত থ্রি-ডি মুভিগুলো তাদের সৃজনশীলতা উস্কে দেবে।
মাস্তুল নির্মাতা বলেন, ‘সিনেস্কোপ’ কেবল ব্যবসা নয়, একটি সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গা থেকেই চালু হতে যাচ্ছে।








