এবারের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি কাপ) খেলবে ১২টি দল। এর মধ্যে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার-সহ সবকটি দল তাদের খেলার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে হবে ম্যাচগুলো।
রিয়াল, ম্যানইউ ও টটেনহ্যামের নামের তালিকায় যোগ দিয়েছে আর্সেনাল, রোমা, জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা ও মেক্সিকান ক্লাব সি.ডি. গুয়াডালাজারা।
২৬ জুলাই যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকে মাদ্রিদ। অর্থাৎ, ইউরোপের বাইরে হচ্ছে মাদ্রিদ ডার্বি। অন্য বিগ ম্যাচ হবে, রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল, টটেনহ্যাম বনাম ম্যানইউ, বায়ার্ন বনাম এসি মিলান, জুভেন্টাস বনাম ইন্টার মিলান।
মোট ম্যাচ হবে ১৮টি। ১৬ জুলাই রোমা-গুয়াডালাজারা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
টুর্নামেন্টে ফরম্যাট আগের মতোই থাকছে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই ট্রফি উঁচিয়ে ধরবে। যেসব ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ড্র হবে, সেসব ম্যাচ সরাসরি পেনাল্টিতে নিষ্পত্তি হবে। এক্ষেত্রে জয়ী দল দুই পয়েন্ট ও পরাজিত দল এক পয়েন্ট পাবে।










