কিছু ক্রসফায়ারকে এনকাউন্টার বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, সন্ত্রাসীদের ধরতে গিয়ে আক্রমণের শিকার হলে আইনগতভাবেই এনকাউন্টার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে বেআইনি যেকোন মৃত্যু হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। র্যাবের প্রয়োজনীয়তা আছে কিনা তা ইতোমধ্যেই জনগণের কাছে স্পষ্ট বলেও দাবি তার।
লালবাগে ও মাগুরায় র্যাবের হাতে সরকারদলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী নিহত হওয়ার পর এবার খোদ আওয়ামীলীগ থেকে সমালোচনা র্যাবের কর্মকান্ড নিয়ে।
বিএনপি সরকারের তৈরী করা র্যাবের থাকা উচিত কিনা এমন প্রশ্নও তুলেছেন একজন সরকার দলীয় সংসদ সদস্য। সফররত ব্রিটিশ মন্ত্রীর সাথে সকালে বৈঠকের পর এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সন্ত্রাসীদের নিহত হওয়ার সব ঘটনাকে ক্রসফায়ার বলতে রাজি নন মন্ত্রী। বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানিয়েছে, বাংলাদেশের এক্সেস টু জাস্টিস প্রকল্পে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে বৃটেন।






