গোপন তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন ছড়ানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের দুটি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে সুইডেনের প্রসিকিউটরা। মামলা করার সময় অতিক্রম হয়ে যাওয়ায় ওই অভিযোগ প্রত্যাহার করা হয়।
তবে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের তদন্ত চলবে। ২০১০ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।
সুইডিশ প্রসিকিউটর ম্যারিয়ান ন্যাই বলেন, সময়ের সীমাবদ্ধতা ও নিয়ম অনুযায়ী মামলা দায়েরের নির্ধারিত ৫ বছর শেষ হয়ে যাওয়ায় দুটি অভিযোগের তদন্ত কাজ বাধ্য হয়ে প্রত্যাহার করছি।
ধর্ষণের তৃতীয় অভিযোগের সময় শেষ হবে ১৮ আগষ্ট। তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের তদন্ত সময় শেষ হবে ২০২০ সালে। ধর্ষণ ইস্যুতে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চান ম্যারিয়ান।
অভিযোগ প্রত্যাহারের পর এক বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেছেন, আমি খুবই হতাশ। আমি একজন নিরাপরাধ মানুষ। এগুলোর আসলে কিছুই দরকার ছিলো না।
সুইডেনে প্রত্যাবর্তন ও গোপন নথি ফাঁসের জন্য যুক্তরাষ্ট্রে বিচারের আশঙ্কায় ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। তাকে গ্রেফতারের জন্য সেখানে ২৪ ঘণ্টা পুলিশ প্রহরা রয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, আইনী সুরক্ষার অধীনে লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জকে ক্রমাগতভাবে আশ্রয় দেওয়ায় ইকুয়েডরের কাছে তারা আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।






