‘অ্যাটর্নি জেনারেলের কারণে খালেদার জামিন নিয়ে আদেশ হয়নি’

ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে অাদেশ দিতে বিচারপতিরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসলেও অ্যাটর্নি জেনারেলের কারণে হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।
একই সঙ্গে বুধবার খালেদা জিয়ার জামিন হবে বলে দৃঢ় বিশ্বাসের কথা জানালেও তার মুক্তি কখন হবে; তা নিয়ে নিশ্চয়তা পাচ্ছেন না তারা।
মঙ্গলবার দুপুর ১টায় আদালত শেষে সাংবাদিকদের এসব মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
মওদুদ বলেন: ‘আজ আদেশ না হওয়াটা দুরভিসন্ধিমূলক। বিচারকরা প্রস্তুত ছিলেন। খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই বলে আমরা মনেকরি। কিন্তু রাষ্ট্রপক্ষ বিলম্বিত করছে। এটি দুরভিসন্ধিমূলক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল জামিন পাবেন খালেদা জিয়া।’
অ্যাডভোকোট জয়নাল আবেদীন বলেন: ‘অ্যাটর্নি জেনারেল একদিন সময় চাইলে আদালত তার পরিবর্তে আজ ১২টা পর্যন্ত সময় দেন। এরপর তিনি কথা বলেন। আজ তাই আদেশ হয়নি। আশাকরি আগামীকাল রায় হবে এবং খালেদা জিয়া জামিন পাবেন।’
তবে খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আগামীকাল জামিন হলেও বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন বলে মনে হয় না। কারণ তার বিরুদ্ধে আরো ৬টি মামলায় শোন অ্যারেস্ট আছে। সে ৬টি মামলায়ও জামিন নিতে হবে।’
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদুর হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ খালেদার জামিন বিষয়ে আদেশের জন্য বুধবার নতুন দিন ধার্য করেন।



