কড়া নিরাপত্তার ভেতর মাঠ থেকে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়ার টিম বাসে কে বা কারা ঢিল ছুঁড়েছে বলে অভিযোগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের এক বিবৃতিতে দাবি করা হয়, ঢিলের আঘাতে বাসের একটি জানালাও ভেঙেছে। তবে কেউ আঘাত পাননি। বাংলাদেশ কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থায়ও তারা সন্তুষ্ট।
সিএ’র নিরাপত্তাপ্রধান শন ক্যারল বিবৃতিতে বলেন, ‘গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি জানালা ভেঙে গেছে। এই ঘটনায় কেউ আহত হননি।’
এই প্রতিবেদন লেখার সময় বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। মঙ্গলবার বিসিবি সভাপতির চট্টগ্রামে আসার কথা। তিনি গেলে বিস্তারিত জানা যেতে পারে।
‘স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ধারণা করা হচ্ছে ছোট একটি পাথরের আঘাতে জানালাটি ভেঙেছে,’ জানিয়ে ক্যারল বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে পথের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
এই সফর ঘিরে প্রথম থেকেই নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ থেকে হোটেলে ফেরার নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে বিসিবির পক্ষ থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে তার প্রশংসা করে ক্যারল জানান, বিসিবির দেয়া নিরাপত্তায় তারা সন্তুষ্ট।









