মেয়েদের এককের সপ্তম বাছাই পোল্যান্ডের ইগা সুয়েটেককে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স। ২৮ বছর বয়সী কলিন্স প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে পা রাখলেন।
ফাইনালে কলিন্সের প্রতিপক্ষ অজি তারকা অ্যাশলেইগ বার্টি।
রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার কলিন্সের বিপক্ষে সুয়েটেকই ছিলেন ফেভারিট। ২০ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে তিনি সরাসরি সেটে হারের স্বাদ পেলেন।
প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জেতার পর কলিন্স জানান দেন স্মরণীয় কিছু করার। দ্বিতীয় সেটে সুয়েটেককে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেটা প্রমাণও করেন।
২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে খেলেছিলেন কলিন্স। সেটাই ছিল কোনো গ্র্যান্ড স্লামে তার সেরা সাফল্য। সেটিকে ছাড়িয়ে গিয়ে ফাইনালে পৌঁছালেন, শিরোপা কেবল একধাপ পরে।
ফাইনালে তার প্রতিপক্ষ বেশ শক্তিশালীই, নাম্বার ওয়ান অ্যাশলেইগ বার্টি। উজ্জীবিত কলিন্স একটি জয় থেকে দূরে দাঁড়িয়ে বার্টিকে সমীহ করেই জমজমাট ফাইনালের আশা করছেন।







