ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে, অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম মিনিট থেকে মাঠে নামবেন নেইমার। বাংলাদেশ সময় রোববার রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ টিটে সাংবাদিকদের নেইমারের বিষয়ে বলেন, ‘ও এখন শতভাগ সুস্থ। আশা করছি সামনের ম্যাচে শুরু থেকে খেলবে।’
আগের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। নেইমার দুই ডিফেন্ডারকে কাটিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন।
নেইমার সুস্থ হয়ে উঠলেও ফ্রেডকে নিয়ে চিন্তায় পড়ছে ব্রাজিল। তার ইনজুরির বিষয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ব্রাজিল দলের ফিজিও রড্রিগো লাসমার।
‘সে ধীরে ধীরে কাজ শুরু করেছে। আগামীকাল আমরা জানতে পারবো তাকে আর পরীক্ষা করাতে হবে কিনা।’
ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।







