বেশ কিছুদিন ধরেই শরীরের ব্যথাটা দারুণ ভোগাচ্ছে পপ তারকা লেডি গাগাকে। ২০১৬ সাল থেকে মাংসপেশীতে ব্যথা অনুভব করছেন তিনি। পরে জানা যায় ‘ফাইব্রোমায়ালজিয়া’ নামের একটি ক্রোনিক ইলনেসে আক্রন্ত তিনি।
তাই নিজের এই রোগটির ব্যাপারে মানুষকে সচেতনার কাজে নেমেছেন গাগা। শিগগিরই ছবি দেখার অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার ডকুমেন্টরি ‘ ফাইভ ফুট টু’। এরই মধ্যে ৭৮ সেকেন্ডের একটি ‘টিজার’ দেখা গেছে প্রামাণ্যচিত্রটির। যেখানে গাগাকে দেখা গেছে, টরেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সবার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন; অন্যদিকে একজন ডাক্তারের কাছেও যেতে দেখা গেছে তাকে।
তেমন জটিল রোগ না হলেও, ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত ব্যক্তি শরীরে ব্যথার পাশাপাশি অবসন্নতায় ভোগেন। তখন তার আর প্রতিদিনের কাজ-কর্ম ভালো লাগে না। কপালের দু’পাশে ব্যথার পাশাপাশি ঘুমেরও ব্যঘাত ঘটে থাকে। তবে নিয়মিত ব্যায়াম আর সময়মতো ঘুমালে এ রোগকে এড়িয়ে চলা সম্ভব।
গাগা বলেন, আশা করছি আমার এ ডকুমেন্টরি সবাইকে ক্রোনিক ইলনেস ও ফাইব্রোমায়ালজিয়ার ব্যাপারে সচেতন করে তুলবে।
২০১৬ সালে গাগা ইনস্টাগ্রামে প্রথম এ রোগের কথা জানিয়েছিলেন। ২২ সেপ্টেম্বর ডকুমেন্টরিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
সূত্র: সিএনএন।








