জাঁকজমকপূর্ণ দুর্গা উৎসবের দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে এক মাদ্রাসা ছাত্র। বছর তিনেক আগে এরকম একটি ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়। অসংখ্য লাইক আর শেয়ারে ফেসবুকের ছড়িয়ে পড়ে ছবিটি। সাম্প্রদায়িক অসহিষ্ণুতার সময়ে অসংখ্য মানুষ তাদের ফেসবুক টাইমলাইনে অসাম্প্রদায়িক বাংলাদেশের এই চিত্র জুড়ে দিয়েছিলেন।
আলোচিত সেই ছবিটির পেছনের কারিগর আলোকচিত্রী শাহনাজ পারভিন মাত্র ৩২ বছর বয়সে মারা গেছেন। শাহনাজ পারভিনের কর্মস্থল লাইট এন্ড কম্পোজিশনের বরাত দিয়ে মৃত্যুর খবরটি জানিয়েছে সিলেটটুডে২৪.কম।
লাইট এন্ড কম্পোজিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে পুরস্কারপ্রাপ্ত আলোলচিত্রী শাহনাজ পারভিন মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জানা গেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহনাজ ১৪ আগস্ট (রোববার) ঢাকায় মারা যান।
শাহনাজ মূলত ডকুমেন্টারি ফটোগ্রাফি করতেন। ২০১৩ সালে তিনি লাইট এন্ড কম্পোজিশনে কন্ট্রিবিউটিং আলোকচিত্রী হিসেবে যোগ দেন। তাঁর ছবিতে জীবনের নানা গল্প ও অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র তোলে ধরার প্রয়াস ছিল।








