অর্থ আত্মসাতের অভিযোগ থেকে বাঁচতে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন একাধারে হলিউড ও বলিউড তারকাদের কাছে বিখ্যাত ভারতীয় গহনাকার নীরব মোদি।
গত ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নীরবের বিরুদ্ধে প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ব্যাংক আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ।
ভারতের দ্বিতীয় বৃহত্তম এই রাষ্ট্রীয় ব্যাংক এর অভিযোগ, নীরব ও তার মামা মেহুল চোকসি ব্যাংকটির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২২০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন।
তবে অভিযুক্ত দু’জনই এ দায় অস্বীকার করেছেন। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, নীরব বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি এসব অভিযোগ ও মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ হিসেবে অভিহিত করে লন্ডনে আশ্রয় প্রার্থনা করেছেন।
ভারতে অবস্থিত নীরবের গহনা কোম্পানির সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পাশাপাশি পুলিশ কোম্পানির সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিলাসবহুল গাড়িও জব্দ করেছে।
গত আট বছরের চেষ্টায় নীরব মোদি একটি আন্তর্জাতিক গহনা ব্র্যান্ড তৈরি করেছেন, যার দোকান রয়েছে লন্ডন, নিউইয়র্ক এবং হংকংয়ে। নীরবের সেই গহনার দোকানগুলোর প্রধান আকর্ষণ হীরে বসানো হার ও কানের দুল।
কেট উইন্সলেট, রোজি হান্টিংটন-হোয়াইটলি এবং নাওমি ওয়াটসের মতো বড় বড় হলিউড তারকাদের নীরব মোদির ব্র্যান্ডের গহনা ব্যবহার করতে দেখা গেছে। তার ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও।
গহনা জগতে এমন সাফল্য নীরবকে জায়গা করে দিয়েছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায়। ফোর্বসের হিসেব অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৭৫ কোটি মার্কিন ডলার।










