যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো পাল্স নাইটক্লাবে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিচারে বাধা সৃষ্টির চেষ্টা এবং হত্যাকারীকে প্রয়োজনীয় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
স্যান ফ্রান্সিসকোর বাড়ির বাইরে মতিনের স্ত্রী নূর সালমানকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা। হামলার ঘটনার পর নূর স্যান ফ্রান্সিসকো চলে যান। মঙ্গলবার কোনো এক সময় তাকে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত ১২ জুন সমকামীদের ওই নাইটক্লাবে হামলা চালানোর পর পুলিশের সঙ্গে ৩ ঘণ্টার বন্দুকযুদ্ধে নিহত হয় ওমর মতিন।
গত এপ্রিলে মতিন তার স্ত্রী এবং ৩ বছরের সন্তানসহ ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে যায়। ডিজনি কর্তৃপক্ষ তাদের সন্দেহজনক আচরণের জন্য রিপোর্ট করেছিল।
পাল্স নাইট ক্লাবে হামলার সময় মতিন আইএসের প্রতি আনুগত্য স্বীকার করে এবং পুলিশকে ফোন করে কমপক্ষে ৩ বার। হামলা চালিয়ে সে ৪৯ জনকে হত্যা করে। ওই হামলায় আরও ৫৩ জন আহত হয়।








