ঢাকাই ছবিতে দীর্ঘদিন অভিনয় করছেন অমিত হাসান। তার ক্যারিয়ারে নায়ক থেকে শুরু করে খলনায়ক, কমেডিয়ান এমনকি হিজরার চরিত্রেও অভিনয় করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছবিতে। অভিনয় প্রতিভার বাইরে তিনি যে একজন কবি তা কজন জানেন? অমিত নিয়মিত কবিতা পড়ার পাশাপাশি অনিয়মিতভাবে লিখেনও। গত মঙ্গলবার এফডিসিতে একটি অনুষ্ঠানে তার রচিত কবিতা আবৃত্তি করেন তিনি।
এ সম্পর্কে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘কিশোর বয়স থেকেই আমি কবিতার ভক্ত। আল মাহমুদ ও সৈয়দ শামসুল হকের কবিতা ভালো লাগে আমার। টাঙ্গাইলে স্কুলে পড়া অবস্থাতেই আমি স্বরচিত কবিতা আবৃত্তি করে জেলার মধ্যে প্রথম পুরস্কার পেয়েছিলাম। তারপর পড়াশোনার চাপ আর পরে অভিনয়ের ব্যস্ততার দরুন কবিতা লেখায় অনিয়মিত হয়ে পড়ি। তবে কবিতা পড়া এখনও হয়। এ পর্যন্ত ৪৫টি কবিতা লিখেছি। এগুলোর মধ্যে ‘প্রেয়সী তোমার চোখের কাজল’ ও ‘প্রেয়সী তোমার ওড়না’-এ দুটি আমার রচিত প্রিয় কবিতা।’
ভবিষ্যতে কবিতার বই প্রকাশের ইচ্ছে আছে কিনা এ প্রসঙ্গে অমিত বলেন, ‘ইচ্ছে অবশ্যই আছে। তবে এখনই নয়। আরো কিছু কবিতা লিখি তারপর বই প্রকাশের উদ্যোগ নিবো।’








