ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রমের পর সারাদেশে অভ্যন্তরীণ নদীবন্দরের রুটে লঞ্চ ও নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় মঙ্গলবার দুপুর ২টা থেকে পুনরায় লঞ্চ ও নৌযান চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
দশ নম্বর মহাবিপদ সংকেত নিয়ে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসার পর সোমবার বিকেলে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।
মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম শুরু করে। এটি এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিতে শুরু করেছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর বিভিন্ন রুটের লঞ্চ ও নৌযান সচল হওয়া শুরু করেছে। সোমবার বাতাসের বেগ অনেক বেশি ছিল। এখন তা অনেকটা কমে এসেছে।
ঘূর্ণিঝড় মোরা’র তাণ্ডবে এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৩, রাঙ্গামাটিতে ২ এবং ভোলার মনপুরায় ১ জন মারা গেছেন। এছাড়া ঝড়ে উপকূলের বহু বাড়িঘর ও গাছপালার ক্ষতি হয়েছে।






