আর্সেনাল থেকে ম্যানইউতে আসার পর এফএ কাপে অভিষেক হয়েছে অ্যালেক্সিস সানচেজের। পঞ্চম রাউন্ডে উঠতে দলটি লিগ টু’র ইওভিল টাউনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুটি গোলে অবদান রেখে দর্শকদের ভোটে ম্যাচসেরা হয়েছেন ‘নবাগত’ সানচেজ।
সানচেজ প্রথম মিনিট থেকেই মাঠে নামেন। মরিনহো তাকে ৭২ মিনিট খেলান। এই সময়ে ৩১ বার তাকে বল হারাতে হয়। কিন্তু তার জন্য দায়ী প্রতিপক্ষের কড়া ট্যাকল। সব বাধা উপেক্ষা করে সানচেজ নিজের উপস্থিতি প্রমাণ করতে সক্ষম হন। দর্শকদের টুইটার ভোটের ৮৮ শতাংশ গেছে তার পক্ষে। এই ভোট এবং ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সানচেজকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।

ম্যানইউ এদিন ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায়। বক্সের ঠিক বাইরে থেকে র্যাশফোর্ডকে বল ছাড়েন সানচেজ। সেই পাস থেকে কয়েকজনকে কাটিয়ে দলকে এগিয়ে দেন র্যাশফোর্ড।
দ্বিতীয় গোলেও সানচেজের অবদান। তিনি বল দেন হেরেরাকে। বক্সের বাঁপ্রান্ত থেকে ডানদিকের বার টার্গেট করে জাল খুঁজে নেন তিনি।
ম্যানইউর পরের গোল দুটি করেন লিঙ্গার্ড এবং লুকাকু।







