মাথা ভর্তি কালো আর লালচে চুল। লম্বা গোঁফ দাড়িতে মুখ ভরে গেছে। পরেছেন সাদা ময়লা ছেঁড়া টি-শার্ট আর প্যান্ট। ছোটপর্দার রোমান্টিক অভিনেতা অপূর্বকে এমন সাজে দেখা গেল। কিন্তু কেন?
জানা গেল একটি নাটকের জন্য অপূর্ব এই সাজ নিয়েছেন। যেখানে তার চরিত্র এমন উন্মাদ!
অপূর্বকে নিয়ে এই নাটকটি নির্মাণ করছেন বিইউ শুভ। ‘প্রস্থান’ শিরোনামের নাটকটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রাজীব আহমেদ।
তিনি জানান, আমার লেখা নাটকের একটি চরিত্র বদ্ধ উন্মাদ। নাটকটি নির্মাণ করছেন বি ইউ শুভ। নাটকের কিছু স্থিরচিত্র দেখে আমিও রীতিমত বিস্মিত হয়েছি, কারণ যেভাবে উন্মাদ চরিত্রটি গল্পে আছে ঠিক যেন ভিজ্যুয়ালেও তেমনটা!
স্বাভাবিকভাবে অপূর্ব ভক্তরা তাকে এই চেহারা দেখে সচকিত হয়ে উঠবেন বলে মনে করেন এই নাট্যকার।
নাটকের গল্প সম্পর্কে কোনো আভাস নির্মাতা কিংবা নাট্যকার না দিলেও জানা গেছে, নাটকের নাম ‘প্রস্থান’। একটি ত্রিমাত্রিক হৃদয়ঘটিত গল্পই দেখানো হবে নাটকে। গল্পের মূল উপজীব্য হচ্ছে, নিয়তির কাছে মানুষ সবাই বড় অসহায়। যেখানে অপূর্বকে নিয়তি মেনে নেয়ার এমন চেহারায় দেখা যাবে।
‘প্রস্থান’ নাটকের পরিচালক বিইউ শুভ জানান, অপূর্ব ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন ও জনি। শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রস্থান নাটকটি প্রচার হবে।








