রিয়াল মাদ্রিদ জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে টনি ক্রুস স্বপ্নের মতো ক্লাব ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন। জাতীয় দল থেকে অবসর নিলেও তা ভেঙে চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে খেলেছেন। দেশের হয়ে বিদায় রঙিন হয়নি। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে। অবসর নিয়ে এবার দিলেন আবেগঘন বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে ক্রুস লিখেছেন, ‘এই পর্যন্তই। তবে আমি একটু বিরতি নেয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা উপলব্ধির চেষ্টার আগে যারা আমাকে গ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর সুযোগটি হারাতে চাই না।’
২০১৪ বিশ্বকাপজয়ী তারকা ভক্ত, ক্লাব, কোচ এবং সতীর্থদের পাশাপাশি বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। ইতিহাসের সেরা মিডফিল্ডারদের অন্যতম ক্রুস সন্তানদের নিয়ে লিখেছেন, ‘আপনার বাচ্চাদের বাবার জন্য গর্বিত হতে দেখার চেয়ে ভালো আর কিছু নেই।’
ক্লাব ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন ক্রুস। ইউরোপের মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ৬বার। ৪টি লা লিগা, ৩টি বুন্দেসলিগা, ৩টি জার্মান কাপ এবং একটি কোপা ডেল রে জয়ের স্বাদ পেয়েছেন ৩৪ বর্ষী তারকা।
জার্মানির হয়ে ১১৪ ম্যাচ খেলা ক্রুস করেছেন ১৭ গোল। আবেগঘন পোস্টের শেষে লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর খেলা। এবং… তোমাকে স্বাগতম! কথা শেষ।’







