কয়েকদিন আগে এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গনজালো হিগুইনের অবসরের ব্যাপারে কথা বলেছিলেন তার বাবা। কিন্তু বাবার সে বক্তব্যকে এবার ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করলেন আর্জেন্টাইন তারকা। এখনই অবসরের কথা ভাবছেন না বলেও জানিয়েছেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড।
বুধবার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ৩৪ বর্ষী এ ফুটবলার৷ মিয়ামির হয়ে চলতি মৌসুমে ভালো কিছু করার দিকে মনোযোগী হতে চান তিনি; আমেরিকান ক্লাবটির সাথে চুক্তি শেষ হলে অবসরের কথা ভাববেন বলেও এসময় জানান তিনি।
‘ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি তার সাথে কখনোই অবসরের ব্যাপারে আলোচনা করিনি। তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনা ঘটতেই পারে। কিন্তু এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এই মৌসুমটা আমি দারুণভাবে শেষ করতে চাই। চুক্তি শেষ হওয়ার পর অবসরের ব্যাপারে ভাবব।’
গনজালো হিগুইন আরও বলেন, ‘যদি কখনো অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি নিজেই জানাব। এ ব্যাপারে আমার পরিবার বা বাবার বক্তব্য বাস্তবতার সাথে নাও মিলতে পারে। আমি এখন মাঠের খেলায় মনোযোগী হতে চাই।’







