চমক দেখানো আরব আমিরাতের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার অল্পে রক্ষার ম্যাচে গতি, সুইংয়ের অনবদ্য প্রদর্শনী দেখিয়েছিলেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনমাসেরও বেশি সময় পর এশিয়া কাপের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বিস্ময় প্রতিভার ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার দলকে জয়ে নেতৃত্ব দেয়।
দূর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও মাত্র ১৪ রানের জয়ের পর পূর্ণাঙ্গ ফিট নন উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন বলে জানিয়েছেন মালিঙ্গা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যখন তাকে প্রশ্ন করা হয় মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা যেমন গত টি-২০ বিশ্বকাপ শিরোপা লাভের পর অবসর নিয়েছিলেন তেমনই তিনি আসন্ন বৈশ্বিক আসরটির পর অবসরে যাবেন কিনা? জবাবে মালিঙ্গা বলেন, “হতে পারে।”
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
আরব আমিরাতের বিপক্ষে বৃহস্পতিবারের লো স্কোরিং ম্যাচটিতে টসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ করে আমিরাত।
গতিতে ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়ানো এই লঙ্কান জানান, তার হাঁটুর ইনজুরিটা এত খারপ যে এর থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও দুই বছরের মতো লেগে যেতে পারে, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে স্বভাবতই সমাপ্তি টেনে দিতে পারে। যেহেতু তার বয়স ৩৩ এর কাছাকাছি।
“আমি ১২ বছর যাবত জাতীয় দলের প্রতিনিধিত্ব করছি। আমি এখন ৩২ বছরের এবং শীঘ্রই ৩৩ এ পা দেবো। আমার একটি খারাপ ইনজুরি রয়েছে এবং যদি এই পর্যায়ে এসে আমার এক থেকে দেড় বছর বিশ্রামে যেতে হয়, আমার বরং ক্যারিয়ারেই শেষ টানতে হতে পারে।”
ব্যথা নিয়েও তিনি জাতীয় দলের প্রয়োজনের জন্য প্রস্তুত বলেও জানান। তিনি বলেন, এখন বিশ্রামের সঠিক সময় নয়। আমাদের সামনে টি-২০ বিশ্বকাপ রয়েছে এবং এই সংস্করণে আমি দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার। পেইনকিলার বা ইনজেকশন যেটাই লাগুক, আমি সেই পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই।
তবে অবসর নিলেও জাতীয় দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল মুম্বাই ইন্ডিয়ানসের জন্য কাজ করবেন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত ৬২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা মালিঙ্গার সংগ্রহে রয়েছে ৭৮ টি উইকেট। এছাড়াও টেস্টে ১০১ এবং ওয়ানডেতে ২৯১ উইকেটের মালিক তিনি।






