সাড়ে ৮৪ ঘণ্টার ‘অপারেশন’ শেষে মুক্ত হলো ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটি। গত শনিবার ভোর পৌনে চারটায় শুরু হওয়া জঙ্গি-দমন অভিযান শেষ হয় মঙ্গলবার বিকেল সোয়া চারটায়। আর বুধবার সরকারিভাবে পাঠানকোট জঙ্গি মুক্ত ঘোষণা করা হয়।
এই হামলায় ৭ জন সেনা সদস্য নিহত হয়। আহত হয়েছে ২০ জন। আর নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয় ৬ জঙ্গি।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর জানান, সুরক্ষা ব্যবস্থায় ক্রটি ছিলো। বিমান ঘাঁটির সুরক্ষা ব্যবস্থার সেই ত্রুটির সুযোগ নিয়েছে জঙ্গিরা। আর এ দায় কার, তদন্ত করে দেখা হচ্ছে। সব ক’টি সেনা ছাউনির সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা হবে।’
এদিকে,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আশ্বাস দিয়েছেন, পাঠানকোট হামলায় যদি পাকিস্তানি কোনো সংগঠন জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার সরকার।
সাম্প্রতিক অতীতে দুই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠতার নজির একাধিক। তবু কোনো জঙ্গি হামলার পর সাহায্যের বার্তা দিয়ে পাকিস্তানি কোনো প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীকে ফোন করছেন এমন নজির নেই। এবারই সেই নজির স্থাপিত হলো।






