চিত্রনায়িকা আঁচল দীর্ঘদিন ধরে আলোচনায় নেই। নতুন কোনো ছবিতেও কাজ করছিলেন না। লম্বা বিরতির পর আঁচল আবার কাজে ফিরবেন বলে শোনা যাচ্ছিল। অবশেষে কাজে ফিরলেন এই নায়িকা।
চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজে দেখা যাবে আঁচলকে। বৃহস্পতিবার(১৬ আগস্ট) নিরব-আঁচল জুটি বেঁধে বিপণন প্রতিষ্ঠান প্রাণের খাবারজাত পণ্যের ফটোশুটে অংশ নিয়েছেন। এরই মধ্যে দিয়ে নিরব-আঁচলকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে।
কাজে ফেরার প্রসঙ্গে নায়িকা আঁচল বলেন, লম্বা সময় বিরতি নিয়েছিলাম। আগের মতো কাজ করার জন্য আমি প্রস্তুত। তার আগে নিরবের সঙ্গে প্রাণের পণ্যের ফটোশুটে অংশ নিলাম। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ফটোশুট দিয়ে তার সঙ্গে কাজ করলাম। ব্যাটে বলে মিললে আগামীতে সিনেমাতেও কাজ করা হবে।
আমি মনে করি, দর্শকরা আমরা দুজনের অংশগ্রহণে কাজটি পছন্দ করবেন। পাশাপাশি পণ্যটির প্রচারণাও ভালো হবে।-বিজ্ঞাপন নিয়ে এমনটাই বললেন আঁচল।
এদিকে ‘আব্বাস’ ও ‘হৃদয় জুড়ে’ নামে দুই ছবিতে কাজ করছেন নিরব। শুরু করবেন আরেক ছবির ‘অফিসার রিটার্নস’-এর শুটিং। মূলত চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলে বছরে দু-একবার নামী পণ্যের বিজ্ঞাপন-ফটোশুটে দেখা যায় নিরবকে।
চ্যানেল আই অনলাইনকে নায়ক নিরব বলেন, দেশব্যাপী প্রাণের ডেইলি বেকারিজাত পণ্যের ফটোশুটে অংশ নিয়েছি। ক্যাম্পেইনের প্ল্যানিং ভালো লাগায় কাজটি করেছি। আমার সঙ্গে ছিল আঁচল। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ।








