ভোরের আলো ফোটার আগেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে লঞ্চ এসে ভিড়তে থাকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রতিটি লঞ্চেই ছিল ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড়।
স্বজনদের সঙ্গে ৯ দিনের দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। আজই কাজে যোগ দেয়ার তাড়া। তাই ভোর হতেই রাজধানীতে পৌঁছাতে শুরু করেছে দূর দূরান্তের এসব মানুষ।
ঈদ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি অফিস আদালতে এবার ছুটি ছিল ৯ দিন। শনিবার ছিল ছুটির শেষ দিন। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে যোগ দিতে রাতের লঞ্চেই ঢাকা আসেন পেশাজীবী এবং কর্মজীবী মানুষ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে আজ থেকে দু’একদিনের মধ্যে। তাই স্বজনদের ছেড়ে ফিরে আসতে মন না চাইলেও শিক্ষার্থীদেরও ফিরতে হয়েছে রাজধানীতে।
পরের ঈদে আত্মীয় পরিজনের সঙ্গে ফের মিলিত হওয়ার প্রত্যাশায় আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে নগরবাসী।








