দিনের বেশ বড় একটা সময় অফিসেই কাটে। আর তাই অফিসটাকেই কিভাবে আরও আরামদায়ক ও গুছানো করে তোলা যায় সেই চেষ্টাই করা উচিত। সারাদিনের গুছানো কাজের জন্য অফিস ডেস্কে কিছু জিনিস অবশ্যই থাকা চাই। জেনে নিন অফিস ডেস্কের অপরিহার্য কিছু জিনিস সম্পর্কে।
পানির বোতল
অফিস ডেস্কে অনেকেই পানির বোতল রাখেন না। ভাবেন, কিছুক্ষণ পর পর উঠে গিয়ে পানি খেয়ে আসা হবে। কিন্তু বাস্তবে তা হয় না। ফলে শরীরে পানির অভাব দেখা যায়। আর তা থেকে সৃষ্টি হয় কিডনি জটিলতা, ক্লান্তি এবং ত্বকের সমস্যা। তাই অফিস ডেস্কে অবশ্যই পানি থাকা উচিত।
কাজের তালিকা
সারাদিন কী কাজ করতে হবে তার একটি তালিকা অবশ্যই অফিসের ডেস্কে থাকা জরুরী। মনে ভুলে অথবা কাজের ব্যস্ততায় অনেক সময় জরুরী কোনো কাজ বাদ থেকে যেতে পারে। তাই সারাদিন কোন কোন কাজ করবেন তার একটি তালিকা তৈরি করে ডেস্কে রেখে দিন। এতে খুব গুছিয়ে কাজ করতে পারবেন।
হালকা নাস্তা
কাজের ফাকে পেটকে ফাকি দিলে চলবে? যখনই খিদে পাবে তখনই চটজলদি কিছু খাওয়ার জন্য বিস্কিট, বাদাম কিংবা অন্য কোনো শুকনা নাস্তা রাখুন। কাজের ব্যস্ততায় উঠতে না পারলে ডেস্কে বসেই খিদে নিবারণ করতে পারবেন অনায়াসেই।
ফোন চার্জার
বাড়ি থেকে ফোন চার্জ করে এনেছেন। কিন্তু তাতে কি? অফিসে সারাদিনই অনেক ব্যবহার করতে হয়েছে ফোনটি। তাই চার্জ ফুরিয়ে গেছে। এখন উপায়? হাতের কাছেই চার্জার রাখুন। এতে চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না।
টিস্যু বক্স
অফিসে অতিথি এলে কিংবা নিজের প্রয়োজনেও টিস্যু প্রয়োজন হয়। তাই অফিস ডেস্কে অবশ্যই টিস্যু বক্স রাখবেন। শুধু বক্স যদি দেখতে ভাল না দেখায় তাহলে সুন্দর কভার কিনে ভরে রাখতে পারেন। এতে অফিস ডেস্কের সৌন্দর্য বাড়বে।
বডি লোশন ও লিপ বাম
আপনার অফিস যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে আপনার ডেস্কে অবশ্যই বডি লোশন রাখতে হবে। কারণ শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ত্বক শুষ্ক হয়ে যায়। এছাড়াও ঠোঁটও শুকিয়ে যায় বার বার। তাই লিপ বামও রাখতে পারেন। এতে ত্বক এবং ঠোঁট দুটাই ভাল থাকবে।
টাইমস অব ইন্ডিয়া।










