স্বপ্ন দেখছেন হাবিব। পানিতে ক্রমেই ডুবে যাচ্ছেন। বাঁচার জন্য চেষ্টা করছেন। তার চোখে মুখে ভয়, ভীতি আর শংকা! দুঃস্বপ্ন! ঘুম থেকে জেগে ওঠেন হাবিব। মুখভারা পুরোনো দাড়ি। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেতে চান, কিন্তু পারেন না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। বাথরুমের আয়নায় নিজেকে দেখে আঁৎকে ওঠেন। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে অদ্ভুত আওয়াজ। পর্দায় ভেসে ওঠে ‘অপেক্ষায়…আর কিছুটা দিন!!’
পরিচিত হাবিবকে নয়, এ যেন অন্য হাবিব, যাকে দর্শক কখনো দেখেনি। দারুণ অভিনয়! হাবিবের নতুন গান ‘মিথ্যে নয়’–এর টিজার। পরিচালনা করেছেন শাহরিয়ার পোলক, প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ইউটিউবে এসেছে গতকাল মঙ্গলবার। এরই মধ্যে ‘মিথ্যে নয়’ গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে দেখেছেন প্রায় তিন লাখ দর্শক। এটি ইউটিউবে এসেছে পয়লা ফাল্গুন। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, ভালোবাসা দিবস উপলক্ষে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে।
‘মিথ্যে নয়’ গানের কথা লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব।
নিজের সব গানের মিউজিক ভিডিওতে হাবিব নিজেই মডেল হয়েছেন। কিন্তু এবার দর্শক অন্য হাবিবকে দেখছে। এক মিনিট ৩ সেকেন্ডের টিজারটি পুরো মিউজিক ভিডিও দেখার ব্যাপারে সবার আগ্রহ তৈরি করছে, এমনটাই মনে করছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
হাবিবের ‘মিথ্যে নয়’ গানের টিজার।







