সফররত জিম্বাবুয়ে দলের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচটিতে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেও বিধ্বংসী ব্যাটসম্যান সাব্বির রহমান আজও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। জিতে নিয়েছেন ম্যাচ সেরা বাংলাদেশী খেলোয়াড়ের পুরস্কারও।
প্রথম দুই ম্যাচে ৪৬ ও ৪৩ রানের পর আজ পেয়েছেন ছোট সংস্করণের ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক। ৩২ বলে ৫০ রানে আউট হওয়ার আগে ৯ টি চারে সাজানো দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন ডান হাতি এই ব্যাটসম্যান।
সিকান্দার রাজার ১২ তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানির হাতে ধরা পড়ার সময় টাইগারদের দলীয় সংগ্রহ ছিলো তিন উইকেট হারিয়ে ৯২ রান। সেই সময়টিতে জয়ের পথে ভালোমতোই অগ্রসর হচ্ছিলো বাংলাদেশ। তবে পরের ১৫ রান তুলতে গিয়েই মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পরে মাশরাফি বাহিনী।
খুলনার শেখ আবু নাসের স্ট্যাডিয়ামে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৫৬ রান করে। ৩১ রানের পরাজয় বরণ করা টাইগাররা চার ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে।







