টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা কাটিয়ে ওঠার মিশন ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। কিন্তু সিরিজে ছোট ফরম্যাটে দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে হতাশাজনক পারফরম্যান্সে। মারকুটে ক্রিকেট থেকে কলঙ্কের সেই তিলক এবার সরাতে প্রতিজ্ঞাবদ্ধ ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে রোববার দেশ ছাড়ার আগে ছোট সংস্করণে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ নেয়ার কথা বলেছেন রিয়াদ। শুনিয়েছেন অনেক অর্জনের সম্ভাবনার কথাও।
‘লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা, এটা আমাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি আমাদের অনেককিছু করার বাকি আছে। অনেককিছু প্রমাণ করার বাকি। আমরা কতটুকু ভাল করতে পারি এই সংস্করণে শেষ সংবাদ সম্মেলনেও সেই কথাটা বলছিলাম, অনেকের মনে হয়ত একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এ সংস্করণের শক্তিমত্তা নিয়ে। এটা খুব ভাল একটা মঞ্চ হবে নিজেদেরকে প্রমাণ করার জন্য। সবার ব্যক্তিগত সেরাটা যদি আমরা আদায় করে নিতে পারি, খুব ভালকিছু অর্জন করা সম্ভব।’
বাংলাদেশের মাটিতে দাপট দেখিয়ে গেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে কোনরকম পাত্তাই দেয়নি স্বাগতিকদের। এবার লঙ্কানদের নিজেদের মাঠে খেলা। টুর্নামেন্টে অপর দল শক্তিশালী ভারত। টি-টুয়েন্টির অন্যতম দুই পরাশক্তির সামনে লড়তে হবে টাইগারদের। তারপরও ভাল করতে আশাবাদী মাহমুদউল্লাহ।
‘যেকোনো প্রতিপক্ষই অনেক গুরুত্বপূর্ণ। যার বিরুদ্ধেই খেলেন, ভাল খেলতে হবে। এটা বলতে পারেন ঘরের মাটিতে আমরা খুব ভাল খেলছিলাম, এখন আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। আমরা হয়ত শেষ সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারিনি। তবে যেহেতু উপমহাদেশের পরিবেশ, বেশ কয়েকবার আমরা খেলেছিও শ্রীলঙ্কায়, মনে করি ভালকিছু করতে পারবো।’
ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়া সাকিব আল হাসান নিধাস ট্রফি থেকেও ছিটকে গেছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন সাকিবের না থাকা দলের অন্যদের কাজ বাড়িয়ে দেবে।
‘সাকিবকে মিস করা অবশ্যই দলের জন্য ক্ষতিকর। ওর মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়, অপরিহার্য খেলোয়াড় মিস করা আমাদের জন্য কঠিন। তারপরও আমাদের সবার জন্য সুযোগ ভালকিছু করে দেখানো।’
৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নিধাস ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচটার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমার কাছে মনে হয় শুরুটা অনেক গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচটা যদি জিততে পারি। সবসময়ই বিশ্বাস করি শুরুটা যদি ভাল হয়, আমরা মোমেন্টাম পেতে পারি, তাতে ভালকিছু হবে।’








