মাঠের চারপাশে পাহাড়। মাথার উপর নীল আকাশ। কিছুটা সাদা মেঘের ভেলা। ছবির মতো সুন্দর কুউন্সটাউন ক্রিকেট গ্রাউন্ড। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত বাংলাদেশ দল।
অসাধারণ ভেন্যুটিতে প্রথমবার অনুশীলনে নামার আগে টাইগার ক্রিকেটারদের মধ্যে পড়ে গেল ছবি তোলার ধুম।
তামিম, মুশফিক, মোস্তাফিজ, সৌম্যদের পেছনে রেখে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস। কুউন্সটাউন মাঠকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন এ ওপেনার।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকারও গ্রুপ ছবি পোস্ট করেছেন। মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন একক ছবি পোস্ট করে শিরোনাম দিয়েছেন একই- আলহামদুলিল্লাহ, ক্রিকেট খেলার কী সুন্দর জায়গা!
ক্রাইস্টচার্চে ১৪দিনের বন্দি সময় পার করে বুধবার কুইন্সটাউনে আসে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে নেমে পড়ে অনুশীলনে। এক সপ্তাহ ক্যাম্প করে ডানেডিন যাবে টিম টাইগার্স। সেখানে ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে।







