টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে ব্যাটে-বলে ছন্দহীন ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ আঙিনায় সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবার এপর্যন্ত সুপার ফ্লপ। যা বাংলাদেশ দলকে চিন্তায় ফেললেও মুখ খুলছেন না কেউ। যদিও এখন অবধি বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়নি কোচ-অধিনায়ক-নির্বাচকদের।
যুক্তরাষ্ট্রের ভিন্ন দুটি ভেন্যুতে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ম্যাচের পর বাংলাদেশের শেষের দুটি ম্যাচের ভেন্যু কিংসটাউনের সেন্ট ভিনসেন্ট। ক্যারিবিয়ান অঞ্চলে সাকিবের পারফরম্যান্স বরাবরই ভালো হয়। সে ভাবনায় হয়ত বৃহস্পতিবার নেদারল্যান্ডস ম্যাচের একাদশে টিকে যাবেন টাইগার অলরাউন্ডার।
কিন্তু আবারও যদি ব্যর্থ হন, তাহলে? বিকল্প নিয়ে দল কিছু ভাবছে কিনা সেটি জানা না গেলেও পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়ে গেছে। সাকিব কি তাহলে ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন?
শ্রীলঙ্কার বিপক্ষে ৮, সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ রানে আউট হয়েছেন সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে বিলিয়ে এসেছেন উইকেট। বোলিংয়ে উইকেটের খাতা এখনো খুলতে পারেননি আসরে। প্রোটিয়াদের বিপক্ষে করেছেন মোটে ১ ওভার। তানজিম-মোস্তাফিজদের সুসময়ে বোলিংয়ে সাকিবের প্রয়োজনীয়তা কমে এসেছে। ব্যাটিংয়ে রাখতে পারছেন না ভরসার বিন্দুমাত্র ছাপ। সাম্প্রতিক ফর্ম এতটাই তলানিতে যে, বড় প্রভাব পড়েছে নতুন হালনাগাদ র্যাঙ্কিংয়ে। শীর্ষ অলরাউন্ডার নেমে গেছেন সোজা পাঁচ নম্বরে।
পারফরম্যান্স বিচারে চলতি বিশ্বকাপে সাকিবকে আর অপরিহার্য বলা যাচ্ছে না। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ বুড়ো হাড়ের ভেল্কি দেখালেও দেশসেরা অলরাউন্ডার কেন পারছেন না সে আলোচনার সুযোগ করে দিচ্ছেন সাকিব নিজেই।
কিংসটাউনে বাংলাদেশ দুটি করে ওয়ানডে ও টেস্ট খেললেও এখনো টি-টুয়েন্টি খেলেনি। বর্তমান দলে থাকা ক্রিকেটারদের কেউ সাদা বলে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই মাঠটিতে। ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডে সিরিজটি হয়েছিল ২০০৪ সালে, ২০০৯ ও ২০১৪ সালের টেস্ট ম্যাচ দুটিতে খেলেছিলেন সাকিব। মাশরাফী বিন মোর্ত্তজা টেস্টে সবশেষ বলটা করেছিলেন কিংসটাউনেই। ইনজুরিতে পড়ে টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় নড়াইল এক্সপ্রেসের। গতির সঙ্গে আপোষ করে ওয়ানডে ক্যারিয়ার যদিও লম্বা করেছিলেন।
সাকিবের জন্য ক্যারিবিয়ান হাওয়া-বাতাস অনেকটা চেনা। খেলেছেন সিপিএলে। ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টিতে ৬ উইকেট নেয়ার কীর্তিও আছে। সাকিব তাই দলের অন্যদের চেয়ে একটু এগিয়েই নামছেন ডাচদের মোকাবেলা করতে। এবার পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলতে পারলেই হয়!







