বিশ্বকাপে উঠতে না পারায় ছাঁটাই হচ্ছেন জিম্বাবুয়ে দলের পুরো কোচিং স্টাফ। তাদের সবাইকে একযোগে চাকরি হারাতে হচ্ছে। ব্যর্থতার দায়ে বলির প্রথম পাঠা হয়েছেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তাকে সরিয়ে ব্রেন্ডন টেলরকে দায়িত্ব দিয়েছে বোর্ড।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যদি নিজেরাই পদত্যাগপত্র জমা না দেন তবে বোর্ড তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেবে।
জিম্বাবুয়ে বোর্ডের এমন সিদ্ধান্তের কারণে দেশটির প্রধান কোচ হিথ স্ট্রিকের পাশাপাশি চাকরি হারাচ্ছেন ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, ফিটনেস কোচ সেন বেল ও দলের বিশ্লেষক স্টানলি কাইওজা। এছাড়া জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগোঙ্গোও রয়েছেন ছাঁটাইকৃতদের তালিকায়।
ইংল্যান্ডে অনু্ষ্ঠিত ২০১৯ বিশ্বাকাপের বাছাইপর্ব বৈতরণী পার হতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দেশটি ১৯৭৯ সালের পর থেকে নিয়মিত বিশ্বকাপ খেলে আসছে। ৩৬ বছর পর এই প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল তারা।
তবে দলের সঙ্গে সম্পৃক্তদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে না পারায় বোর্ড এমনটা করছে বলে মনে করছেন ভুক্তভোগি হতে যাওয়ারা।
জিম্বাবুয়ে কোচদের মধ্যে একমাত্র হিথ স্ট্রিকের সামনে অন্য চাকরি রয়েছে। বাকিদের হাতে অন্য কোথাও কাজ করার সুযোগ এই মূহুর্তে নেই। আগমী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে হিথ স্ট্রিক কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।








