স্টিভেন স্মিথ, ক্যামেরন বেনক্রফট ও ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিংয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরইমাঝে আরেকটু ধাক্কা মারলেন সাবেক অজি অধিনায়ক ও বোর্ড সদস্য মার্ক টেলর। ইঙ্গিত দিলেন বল টেম্পারিংয়ের পাশাপাশি এবার মুখেও তালা দেয়া উচিত অস্ট্রেলীয়দের।
অস্ট্রেলীয় টেলিভিশন চ্যানেল নাইনের পক্ষ থেকে টেলরকে জিজ্ঞেস করা হয়েছিল স্লেজিং করলে শাস্তির বিধান হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সরাসরিই উত্তর দিয়েছেন টেলর, ‘অবশ্যই আছে। আপনি মাঠে খেলোয়াড়দের কথা বলা থেকে থামাতে পারবেন না। কিন্তু কথা বলা সম্পূর্ণ আলাদা জিনিস।’
‘তবে- ধমকানো, স্লেজিং কিংবা গুণ্ডামি করা অন্য আরেক জিনিস। আর এই বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে।’ যোগ করেন টেলর।
টেলর এই কথায় ইঙ্গিত করেছেন সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দিকেও। সেই ম্যাচে ড্রেসিংরুমে যাওয়ার পথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ওয়ার্নার ও সাউথ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ওয়ার্নারের দাবি ছিল তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছিলেন ডি কক। মূলত সেই ঘটনার পর থেকেই উত্তাপ ছড়ানো শুরু করে সিরিজে। যার ফলশ্রুতিতে ঘটে বল টেম্পারিংয়ের মত কাণ্ড!
স্লেজিং করলে কী ধরনের শাস্তি পাওয়া উচিত সে বিষয়ে অবশ্য সরাসরি কিছু বলেননি টেলর। বোর্ড সভাতে এ প্রসঙ্গ উত্থাপনের কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক।
অস্ট্রেলীয়ানদের স্লেজিংয়ে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। স্লেজিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।








