দীর্ঘ বিরতির পর পরপর দুটি সিনেমায় অভিনয় করে বক্স অফিসে বাজিমাত করেছেন হৃতিক। আর সেজন্যই নাকি এবার নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন এই অভিনেতা।
দর্শকদের দুটি সুপার হিট সিনেমা উপহার দেওয়ার পর থেকেই পরিচালকদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে হৃতিকের নাম। হৃতিকের এক ব্যক্তিগত সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, তিনি পারিশ্রমিক বাড়াবেন বলে ঠিক করেছেন। তবে সেটির পরিমাণ কত এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
চলতি বছর মুক্তি পেয়েছে হৃতিকের দুইটি ছবি, যার দুটোই হিট। প্রথমে মুক্তি পেয়েছে বিকাশ বহেল পরিচালিত ‘সুপার ৩০’। এই ছবিতে ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে দেখা গিয়েছে হৃতিককে।ছবিটি বক্স অফিসে আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।
‘সুপার ৩০’ মুক্তির পর অক্টোবরে মুক্তি পেয়েছে হৃতিকের ‘ওয়ার’। যেটি বক্স অফিসে ব্লকবাস্টারের তালিকায় রয়েছে। ছবিটিতে হৃতিক ছাড়াও অভিনয় করেছেন বলিউডের আরেক অ্যাকশন হিরো টাইগার শ্রফ। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
হৃতিক অবশ্য নতুন করে এখন আর অন্য সিনেমাতে যুক্ত হতে চাচ্ছেন না। কারণ তিনি এখন নিজেকে প্রস্তুত করছেন ‘কৃষ’ এর সিকুয়েলের জন্য।







